শ্রীলংকায় দাঙ্গা অব্যাহত




শ্রীলংকায় জরুরি অবস্থার মধ্যেও সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর, মসজিদ ও দোকানপাটে হামলা করে যাচ্ছে বৌদ্ধ ভিক্ষুরা। গতকাল স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশটিতে মুসলিমবিদ্বেষী মনোভাব যাতে ছড়িয়ে দেয়া না হয়, সেজন্য সরকারের নির্দেশে দেশটিতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাময়িক বন্ধ রাখা হয়েছে।
সংখ্যালঘু মুসলিম ও সংখ্যাগুরু বৌদ্ধ সিংহলীদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ায় মঙ্গলবার গোটা শ্রীলংকায় জরুরি অবস্থা ও কারফিউ জারি করা হয়। শ্রীলংকার ক্যান্ডি শহরে মুসলিম ও সিংহলিদের মধ্যে কয়েক দিনব্যাপী চলমান দাঙ্গায় এখন পর্যন্ত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো মুসলমানদের বাড়িঘর ও দোকানে ভাংচুর চলছে। গোটা ক্যান্ডির স্কুলগুলো এখন বন্ধ। পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় পাহাড়ি অঞ্চলটিতে দাঙ্গাকারীরা কারফিউ ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
এ অবস্থায় দেশের ইন্টারনেট সেবাদাতাদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। শ্রীলংকার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘এটি একটি সাময়িক পদক্ষেপ। শিগগিরই আমরা এ বিধিনিষেধ তুলে নেব।’ তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় মুসলিমবিরোধী বার্তা প্রচারকারীদের এরই মধ্যে শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রচারকারী একজন বৌদ্ধ ভিক্ষুকেও চিহ্নিত করা হয়েছে।