ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার, সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে দিন দুয়েক আগে সব ফরমেটের অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক এঞ্জেলো ম্যাথিউস।
টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে দীনেশ চান্দিমালকে আর রঙিন পোশাকে দলকে নেতৃত্ব দিবেন উপুল থারাঙ্গা। থারাঙ্গা যে দায়িত্ব পাবেন তা কিছুটা অনুমিতই ছিল। এর আগে এঞ্জেলো ম্যাথিউসের ইঞ্জুরিতে ১৪ ওডিআই ও ৫ টি টি২০ তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আর দীনেশ চান্দিমালের জন্যও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া নতুন কিছু নয়। আগে টি২০ দলের অধিনায়ক ছিলেন তিনি। ২২টি টি২০ ও ৩টি ওডিআই তে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার।
নতুন টেস্ট অধিনায়ক চান্দিমাল বিদায়ী অধিনায়ককের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের জন্য যেভাবে দায়িত্ব পালন করেছে অ্যাঞ্জি (ম্যাথিউস), সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। অধিনায়কত্ব সহজ কাজ নয়। সে ম্যাচ জেতানো একজন ক্রিকেটার। আশা করছি, সামনের সময়টুকুতেও সে এভাবেই থেকে যাবে।’
অপরদিকে নিজের সিদ্ধান্ত সম্পর্কে বলতে গিয়ে বিদায়ী অধিনায়ক ম্যাথিউস বলেন, ‘হ্যাঁ, উল্লেখযোগ্য কিছু বাজে পারফরম্যান্স ছিল এবং আমি সেটা মেনেই নিচ্ছি। তবে আগেও আমি দায়িত্ব ছাড়তে চেয়েছি কয়েকবার। কিন্তু দলকে বিপদে ফেলতে চাইনি। কারণ তখন কোনো বিকল্প ছিল না। ব্যক্তিগত চাওয়ার চেয়ে সবসময়ই দল বড়। এখন দায়িত্ব নেওয়ার মত ক্রিকেটার আছে। আমি নিশ্চিত ওরা আমার চেয়ে বেশি সফল হবে। ২০১৯ বিশ্বকাপের জন্য দল গোছাতে উত্তরসূরিকে পর্যাপ্ত সময়ও দিতে চাই আমি।’
এদিকে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে নতুন মিশন শুরু হবে দীনেশ চান্দিমালের। এই টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকভেলা, দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা।
