শ্রীলঙ্কায় আজ জাতীয় শোক দিবস ঘোষণা


paperslife

আজ ২৩ এপ্রিল জাতীয় শোক দিবস পালন করছে শ্রীলঙ্কার জনগণ। সম্প্রতি শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপন করার সময় তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলা চালায়।

এই ঘটনায় হামলার নিহতদের স্মরণে ২৩ এপ্রিল জাতীয় শোক দিবস ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

স্থানীয় গণমাধ্যম আদা দেরানা জানায়, দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই বৈঠকে আরও বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য সোমবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়। এর মাধ্যমে দেশ ও দেশের মানুষের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।

উল্লেখ্য রোববার শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনকালে তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন।

রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, জামাত আল-তাওহিদ আল ওয়াতানিয়া নামের একটি গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে।

কিন্তু দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র বলেছেন, ‘ন্যাশনাল তাওহিদ জামাত নামের একটি সংগঠন এসব বোমা হামলার পরিকল্পনা করে বলে মনে করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘ন্যাশনাল তাওহিদ জামাত হলো স্থানীয় পর্যায়ের একটি মৌলবাদী মুসলিম গোষ্ঠী। এসব বোমা হামলার সঙ্গে জড়িত আত্মঘাতীদের প্রত্যেকেই শ্রীলঙ্কার নাগরিক।’

এমনকি এই কথাও জানিয়েছেন, গত ৪ এপ্রিল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এসব হামলার বিষয়ে সতর্ক করেছিল। আইজিপিকে জানানো হয় ৯ এপ্রিল। কিন্তু এই ধরনের হামলার কথা কেউ বিশ্বাস করেনি।

শ্রীলঙ্কার সিরিজ হামলায় পুরো বিশ্ব শোকাহত। এমন ঘটনায় নিহত আহতদের কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে বিশ্ব।