শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনার পর থেকে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। চার সদস্যর পরিবারটি শ্রীলঙ্কার বেড়াতে গিয়েছিল। আমরা আশা করছি, তাঁরা কোনো হোটেলে বা হাসপাতালে রয়েছেন। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।’
এদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সকালে বলেন, দুজন বিদেশি নিহত হওয়ার কথা শুনেছেন তিনি। তবে তাঁরা কোনো দেশের নাগরিক, তা শ্রীলঙ্কার কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কাতানায় ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর বাইরে নতুন করে আরো দুই স্থানে বিস্ফোরণে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

