শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করেছে আল-তাওহীদ আল ওয়াতানিয়া


paperslife

শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জামাত আল-তাওহিদ আল ওয়াতানিয়া নামের একটি গোষ্ঠী।

রাশিয়ার বার্তা সংস্থা (তাস) জানিয়েছে, সোমবার আল-আরাবিয়া টিভি চ্যানেলের টুইটারে গোষ্ঠীটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে এই তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার ফরেনসিক সার্ভিসের এক তদন্তকারীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা জানায়, গত রোববারের বোমা হামলাগুলোর মধ্যে কমপক্ষে সাতটি আত্মঘাতী।

শ্রীলঙ্কা পুলিশ মুখপাত্র জানিয়েছেন, সিরিজ বোমা হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ২৯০ জন হয়েছে, আর আহত হয়েছে পাঁচ শতাধিক।

হামলাকে কেন্দ্র করে কলম্বো ও এর আশপাশের দুটি এলাকা থেকে এ পর্যন্ত ২৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সবাই চরমপন্থি গোষ্ঠীর সদস্য।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র বলেছেন, ন্যাশনাল তাওহিদ জামাত নামের একটি সংগঠন এসব বোমা হামলার পরিকল্পনা করে বলে মনে করা হচ্ছে।

তিনি আরও বলেন, ন্যাশনাল তাওহিদ জামাত হলো স্থানীয় পর্যায়ের একটি মৌলবাদী মুসলিম গোষ্ঠী। এসব বোমা হামলার সঙ্গে জড়িত আত্মঘাতীদের প্রত্যেকেই শ্রীলঙ্কার নাগরিক।

এছাড়া গত ৪ এপ্রিল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থারা এসব হামলার বিষয়ে সতর্ক করেছিল বলে জানা যায়। আইজিপিকে জানানো হয় ৯ এপ্রিল। কিন্তু এই ধরনের হামলার কথা কেউ বিশ্বাস করিনি।

সিরিজ বোমা হামলার ঘটনায় দেশটিতে আজ শোক দিবস হিসেবে ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার।