সংকুচিত উত্তর কোরিয়ার খনিজ রফতানি




চলতি বছর আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম উত্তর কোরিয়া। বছরের শুরু থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আর এর জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা, জাতিসংঘের আওতায় নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা— এসব কারণে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে প্রধান আলোচ্য হিসেবে রয়েছে দেশটির নাম।
পুরো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন দেশটির একগুয়ে সামরিক উচ্চাকাঙ্ক্ষার পেছনে খনিজ রফতানিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। আর দেশটি থেকে সবচেয়ে বেশি খনিজ আমদানি করে পাশের দেশ চীন। তবে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার খনিজ রফতানি খাতে মন্দা দেখা দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি থেকে চীনে খনিজ রফতানি সংকুচিত হয়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (সিজিএসি) আমদানি-রফতানিবিষয়ক সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সিজিএসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খনিজ দ্রব্যের মধ্যে চীনে সবচেয়ে বেশি সিসা, আকরিক লোহা ও কয়লা রফতানি করে উত্তর কোরিয়া। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি থেকে তিনটি খনিজ দ্রব্যের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় বিপুল পরিমাণ কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে আকরিক লোহা রফতানি। গত সেপ্টেম্বরে চীনে মোট ৩ হাজার ৩৫ টন আকরিক লোহা রফতানি করেছে পিয়ংইয়ং, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ কম। এ বাবদ দেশটি আয় করেছে ৫৫ হাজার ডলার।
২০১১ সালের জানুয়ারির পর এটাই উত্তর কোরিয়া থেকে চীনে আকরিক লোহা রফতানি বাবদ আয়ের সর্বনিম্ন মাসভিত্তিক পরিমাণ। অন্যদিকে এ সময় চীনে মোট ১ হাজার ৩২১ টন আকরিক সিসা রফতানি করেছে উত্তর কোরিয়া, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ শতাংশ কম। এ বাবদ পিয়ংইয়ংয়ের আয় হয়েছে ১১ লাখ ৮০ হাজার ডলার। ২০১০ সালের জানুয়ারির পর এটাই উত্তর কোরিয়া থেকে চীনে সিসা রফতানি বাবদ আয়ের সর্বনিম্ন মাসভিত্তিক পরিমাণ।
উত্তর কোরিয়া থেকে চীনে খনিজ রফতানিতে মন্দাভাবের পেছনে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে দায়ী করছেন বিশ্লেষকরা। গত মাসের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ার কয়লা, আকরিক লোহা, সিসা ও সামুদ্রিক খাবার রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিরাপত্তা পরিষদ। এর জের ধরে সেপ্টেম্বরে প্রধান মিত্র চীনের সঙ্গে দেশটির রফতানি বাণিজ্য ৪১ কোটি ২০ লাখ ডলারে নেমে এসেছে, যা গত এপ্রিলের পর সর্বনিম্ন।