new
এবার এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘স্যানিটাইজার’। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে জন্ম হয়েছে এই বাচ্চাটির।
রবিবার সাহারানপুরের বিজয় বিহারের বাসিন্দা মণিকা সিং এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ছেলের জন্মের পরই মণিকার স্বামী ওমবীর সিং ঘোষণা করেন সন্তানের নাম রাখবেন ‘স্যানিটাইজার’।
ওমবীর সিংয়ের কথায়, সারা দেশে ত্রাস ছড়িয়েছে করোনা। এর থেকে বাঁচার উপায় খুঁজতে গেলে সবার প্রথমে আসে স্যানিটাইজারের নাম। এই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখলেই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাই এমন গুরুত্বপূর্ণ জিনিসের নামে ছেলের নামকরণ করেছি।
মণিকা জানিয়েছেন, তার স্বামী ওমবীর ছেলের নাম ঘোষণা করতেই হেসে ওঠেন হাসপাতালের সকল নার্স ও ডাক্তাররা। পরবর্তীতে ছেলের নাম বদল করবেন নাকি এই নামই থাকবে সে ব্যাপারে অবশ্য এখনো কিছু মনস্থির করেনি সিং পরিবার। আপাতত মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে।
এর আগে ভারতে জন্ম নেওয়া অনেক শিশুর নাম করোনা, লকডাউন, কভিড রাখা হয়েছে।

