করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব, স্থবির হয়ে পড়েছে ক্রীড়া জগত। এমন অবস্থায় বন্ধ সবধরনের খেলাধুলা। দলবেঁধে অনুশীলনেও রয়েছে বিধিনিষেধ।
তবে সেসব অমান্য করেই অনুশীলন চালিয়ে যাচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পার। এমনকি বিশ্ব স্বাস্থ্যসংস্থার যে সামাজিক দূরত্ব বিষয়ক নির্দেশনা দেয়া আছে, তাও মানছে না ইংলিশ দলটি।
দলের হেড কোচ হোসে মরিনহোর তত্ত্বাবধানে স্থানীয় কয়েকজন ফুটবলারকে নিয়ে নর্থ লন্ডনে শুরু হয়েছে স্পারসদের অনুশীলন। যেখানে সাফ দেখা গিয়েছে, প্রায় গায়ে গায়ে লেগেই অনুশীলন করছেন মরিনহো এবং তার শিষ্যরা।
আর্সেনাল ক্লাবের এক সমর্থক ছবি ও ভিডিও আপলোড করে লিখেছেন, ‘আজকে (মঙ্গলবার) টটেনহ্যামের খেলোয়াড় এবং কোচ হাডলি কমনে অনুশীলন করছে। তবে সত্যি বলছি, এতে তাদের কোন ক্ষতি বৈ লাভ হচ্ছে না।’
ভিডিওতে দেখা যায়, হাডলি কমনে পাশাপাশি জগিং করছেন টটেনহ্যামের দুই ডিফেন্ডার ডেভিনসন সানচেক এবং রায়ান সেসেগনন। এছাড়াও অনুশীলনে ছিলেন টাঙ্গু দম্বেলেও।
সামাজিক দুরত্ব অমান্য করায় টটেনহ্যাম ক্লাবের পক্ষ থেকেই নিন্দা জানানো হয়েছে তাদের। কড়া নির্দেশ দেয়া হয়েছে সামাজিক দূরত্ব আইন মেনে চলার।
ক্লাবের এক মুখপাত্র এর বিপক্ষে গিয়ে বলেন, ‘আমাদের সকল খেলোয়াড়দের বাইরে অনুশীলন করার সময় সামাজিক দূরত্ব বিষয়ক নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। আমরা এই বার্তা বারবার জানিয়ে যাবো তাদের।’
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ আছে ইউরোপের শীর্ষ লীগগুলো। বাতিল হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ। স্থগিত হয়েছে কোপা আমেরিকা ও ইউরো কাপও।

