জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে লজ্জাজনক পরাজয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এবার পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফ্রিকার জয় ১২ রানে।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে কুইন্টন ডি’ককের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে প্রোটিয়ারা।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি। ব্যর্থ হয় ডেভিড ওয়ার্নারের ব্যক্তিগত অর্ধশতরান।
১২ রানের ব্যবধানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে অধিনায়ক ডি’কক সর্বোচ্চ ৭০ রান করেন। ৪৭ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। ভ্যান ডার ডুসেন করেন ২৬ বলে ৩৭ রান। এছাড়া হেনড্রিক্স ১৪, ডু’প্লেসি ১৫ ও মিলার ১১ রান করেন।
কেন রিচার্ডসন ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নিয়েছেন কামিন্স ও জাম্পা।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ৫৬ বলের সতর্ক ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। স্মিথ ২৯, ফিঞ্চ ১৪ ও ক্যারি ১৪ রান করে আউট হন। ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন লুঙ্গি এনগিদি৷।
১টি করে উইকেট রাবাদা, নর্ৎজে ও প্রিটোরিয়াসের। ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি’কক।

