এবার সম্পত্তি ভাগাভাগির জেরে দলিত বাবা ও ছেলেকে পিটিয়ে মারল দুষ্কৃতীকারীরা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের হনুমান নগরে দলিত কিষান লাল ও তাঁর ছেলে রাজেশের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ।
৫২ বছরের কিষান লালের দেহ ঘরের ভিতরেই পড়েছিল, কিন্তু বছর বাইশের রাজেশের দেহ মিলেছে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি স্থানে।
জানা যায়, ১০ থেকে ১৫ জন মিলে বাড়িতে ঢুকে পিটিয়ে মেরেছে বাবা ও ছেলেকে। এমনটাই খবর মিলেছে পুলিশের বরাতে। কিষন লালের মেয়ে গুড়িয়ার অভিযোগ, প্রতিবেশীরা তাঁর বাড়িতে ঢুকে এসে প্রথমেই রাজেশকে মারতে শুরু করে। রাজেশ মানসিক ভারসাম্যহীন ছিল। তারপর অসুস্থ কিষান লালকে পিটিয়ে মেরে ফেলে ওরা। শনিবারের এই ঘটনার পর বাবা ও ছেলের মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে মাঝোলা পুলিশের এসএইচও রাকেশ কুমার সিং জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীকারীরা। মোরাদাবাদের এসপি অমিত আনন্দের কথা অনুসারে, বাবা ও ছেলেকে বারবার ইট দিয়ে আঘাত করে মেরে ফেলেছে অভিযুক্তরা। ইতিমধ্যেই অভিযুক্ত মোতিরাম ও সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে।
সুত্র: জি নিউজ।

