সড়ক পথে অফিসে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। রাস্তাঘাটে জ্যাম থাকলে অফিস যেতে সময় নষ্ট হয় আরও বেশি। চিনের হুবেই এলাকার এক বাসিন্দা তাই বেছে নিয়েছেন ভিন্ন পথ। সময় বাঁচাতে ১১ বছর ধরে সাঁতারে অফিসে যান তিনি।
ঝু বিয়ু। ৫৩ বছরের এই ব্যক্তি কাজ করেন চিনের হুবেই এলাকার একটি অফিসে। গত এক দশক ধরে সময় বাঁচাতে তিনি সাঁতার কেটে অফিস যাচ্ছেন। সময় বাঁচানোর পাশাপাশি এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে ফিটনেস আইকন হয়ে উঠেছেন ঝু।
সাঁতার কেটে আধ ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছাতে পারেন ঝু। এ জন্য ইয়াংঝে নদীতে রোজ প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাকে।
কমলা রঙের দু’টি ভাসমান বেলুন নিয়ে ওই পথ পাড়ি দেন তিনি। গত ১১ বছর ধরে এ ভাবেই অফিস যান তিনি।
ঝু-এর এভাবে অফিস যাওয়াতে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি বেশ কয়েকজন সাঁতারু ঝুয়ের অফিস যাওয়ার সঙ্গীও হয়েছেন। এদিকে এইভাবে অফিস যাওয়াকে বাহবা জানিয়েছে স্থানীয় প্রশাসনও।
তাছাড়া স্বাস্থ্যও ভালো আছে তার। ঝু বিয়ু জানান, রোজ সাঁতার কেটে অফিস যাওয়ার জন্য ডায়াবিটিসের সমস্যা যেমন নিয়ন্ত্রণে আছে, তেমনই ওজন আছে নিয়ন্ত্রণে।

