সর্বনিম্নে পাম অয়েলের দাম



পাম অয়েলের দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় গতকাল পণ্যটির দাম ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
মূলত আন্তর্জাতিক বাজারে রফতানি চাহিদা কমার জের ধরে মালয়েশিয়ায় পাম অয়েলের বাজারে মন্দাভাব দেখা গেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েল বিক্রি হয় ২ হাজার ৩৩২ রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) বা ৫৯৩ ডলার ২৩ সেন্টে। দিনের শুরুতে পণ্যটির দাম টনপ্রতি ২ হাজার ৩২৯ রিঙ্গিতে নেমেছিল, যা ২০১৬ সালের ২ আগস্টের পর সর্বনিম্ন। এদিন মালয়েশিয়ার বাজারে সব মিলিয়ে ৫৩ হাজার ২১৩ লট (প্রতি লটে ২৫ টন) পাম অয়েল বেচাকেনা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এপ্রিলের ধারাবাহিকতায় মে মাসেও মালয়েশিয়া থেকে রফতানি কমার সম্ভাবনায় পাম অয়েলের বাজারে বিদ্যমান মন্দাভাবের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে, যা আগামী দিনগুলোতে অব্যাহত থাকতে পারে।