এবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ও তার স্ত্রী মেহেজবানেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে দাবি এক ইংরেজি সংবাদমাধ্যমের।
আরও জানা গেছে, সস্ত্রীক দাউদ ছাড়াও করোনা আক্রান্ত হয়েছে মাফিয়া ডনের একজন ব্যক্তিগত দেহরক্ষী এবং কর্মীও। করাচির এক হাসপাতালে দাউদ ও তার স্ত্রী ভর্তি বলেও জানা গেছে। সরকারের শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে ওই সংবাদমাধ্যম। যদিও এর সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে বিস্তারিত তথ্য হাতে আসেনি।
শুক্রবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯,২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত হয়েছেন ৪৮৯৬ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৩৮ জনের। ঈদের ছুটির পর মে-র শেষে লকডাউনের নিয়মে বেশ কিছু ছাড় দিয়েছে ইমরান খান প্রশাসন। তারপর থেকেই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
সুত্র: এই সময়।

