করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। গড়েছেন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে এক দাতব্য সংস্থা। এই সংস্থার জন্য তহবিল সংগ্রহ করছেন, তা দিয়ে সাহায্য করছে অসহায় দুস্থ মানুষদের।
সেই ধারাবাহিকতায় তহবিল সংগ্রহের জন্য নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছেন। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে ইংল্যান্ড বিশ্বকাপে দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটি পাওয়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন সাকিব।
বুধবার বসে ওই ব্যাটের নিলাম অনুষ্ঠান। বিশ্বকাপের আগে ও পরে খেলা ওই ব্যাটের ভিত্তি মূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। নিলামে দর কষাকষি শেষে সাকিবের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে নিলাম হয়েছে সাকিবের ব্যাটটি।
এই ব্যাট দিয়ে বিশ্বকাপ কাঁপিয়ে এখন পর্যন্ত নট আউট আছেন বলে জানান সাকিব, বিশ্বকাপে ওই ব্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ১২০ রান করার পর অন্য ব্যাট নিয়ে শুরু করেন এবং এক রান যোগ করেই আউট হয়ে যান। এরপর ওই ব্যাটের প্রতি তার ভালোবাসা আরও বাড়ে। তার ভাষায় ব্যাট দিয়ে তিনি নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত খেলেছেন। সেই অর্থে এখনো ব্যাটটা নট আউট আছে।
নিলামে সাকিবের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ নামের এক বাংলাদেশি। বুধবার রাত ১১টা ১৫ মিনিটে এই নিলাম অনুষ্ঠিত হয়। এই অর্থের পুরোটাই যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে।
বিশ্বকাপে সাকিব এই ব্যাট দিয়ে আট ইনিংসে করেছিলেন ইংল্যান্ড বিশ্বকাপের ৮৬.৫৭ গড়ে তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান।
বুধবার রাতে নিলাম শেষ হওয়ার আগে সাকিব তার ওই ব্যাটের গল্পটাও শোনান সবাইকে, ‘২০১৯ আইপিএলে দুটি ব্যাট দিয়ে অনুশীলন করতাম। সাধারণত প্র্যাকটিসের ব্যাটে আমরা ম্যাচে খেলি না। আইপিএলের পর যখন আয়ারল্যান্ডে গেলাম কাছে নতুন ম্যাচ ব্যাট ছিল, তারপরও এই ব্যাট ধরে মনে হলো, খুব ভালো অনুভব করছি। এজন্য ওই ব্যাট দিয়ে ম্যাচে খেললাম। ভালো করতে থাকার পর ওই ব্যাট দিয়েই খেলে গেলাম। বিশ্বকাপেও মনে হলো, এটি দিয়েই খেলি।’

