সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল শ্রীলঙ্কা


facebook, instagram @paperslife

ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর গুজব ঠেকাতে বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল শ্রীলঙ্কা। এবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা সরকার।

মঙ্গলবার প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার আগে জঙ্গিরা নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে একের পর এক ভয়াবহ বোমা হামলার পর দেশটিতে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ঘোষণা করেছিল শ্রীলঙ্কা সরকার। হামলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়তে না পারে সে কারণেই সাময়িকভাবে এসব যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছিল দেশটির সরকার।

আইনপ্রণেতা ও অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো একটি চিঠিতে দেশটির পুলিশের মন্ত্রিপরিষদ নিরাপত্তা বিভাগের (এমএসডি) প্রধান  জঙ্গিরা সামরিক পোশাকের ছদ্মবেশে একটি ভ্যান ব্যবহার করে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন।

রোববার এবং সোমাবার ওই হামলা হতে পারে বলে তিনি সতর্ক করলেও গত দুই দিনে সেরকম কিছু ঘটেনি। কিন্তু তারপরও নিরাপত্তা নজরদারিতে উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।