সালমান মুক্তাদিরের সাথে জুটি বাধছেন জেসিয়া




জুটি বাধছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটজয়ী জেসিয়া ইসলাম জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। একটি খণ্ড নাটকে দেখা যাবে তাদের। ২৮ জানুয়ারি থেকে নাটকটির শুটিং শুরু হবে।
প্রথম নাটকেই সহশিল্পী হিসেবে থাকছেন বন্ধু, অভিনয়জীবনের শুরুতে তাই অনেক খুশি জেসিয়া। বললেন, ‘দুই বছর ধরে আমাদের দুজনের পরিচয়। নিজেদের মধ্যে সম্পর্কটা খুবই চমৎকার। শোবিজের নানা বিষয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়। পরিচালক যখন আমাদের দুজনকে নিয়ে নাটক নির্মাণের সিদ্ধান্ত নিলেন, আমরা খুবই খুশি।’
জেসিয়া বলেন, ‘আমরা এমনিতে অনেক মজা করি। প্রথম নাটকে একসঙ্গে অভিনয় করার পুরো সময়টা উপভোগ করব। খুবই ইন্টারেস্টিং হবে বলে মনে করছি।’
এর আগে জেসিয়া জানিয়েছিলেন, ‘ব্যাচেলর ডটকম’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। নাটকটি পরিচালনা করার কথা ছিল ইফতেখার শুভর। আপাতত খণ্ড নাটক দিয়েই যে জেসিয়ার অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে, তা নিশ্চিত করলেন তিনি।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ছিল জেসিয়া ও সালমানের সম্পর্কের কথা। এমনকি জেসিয়ার ফেসবুক আইডি থেকে সালমানের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যাটিংয়ের স্ক্রিনশটও প্রকাশ হয়েছিল। পাশাপাশি দেখা গিয়েছিল আপত্তিকর ছবিও।