সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার মূল অভিযুক্ত নিহত



সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার মূল অভিযুক্ত নিহত

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিককালে আতঙ্ক ছড়ানো জঙ্গি জাহিদ দাস শ্রীনগরে এনকাউন্টারে নিহত হয়েছে। গত সপ্তাহে কর্তব্যরত ভারতীয় সিআরপিএফ জওয়ানদের উপর যে জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি দলের অন্যতম ছিল জাহিদ। অনন্তনাগে হওয়া ওই হামলায় শহিদ হন এক জওয়ান, জঙ্গিদের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় ৬ বছরের এক শিশুরও।

তারপর থেকেই জঙ্গি জাহিদ দাসের খোঁজে ঘুরছিল জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তাবাহিনী। এর আগে মঙ্গলবার অনন্তনাগে এক জঙ্গিদমন অভিযানে নিরাপত্তা বাহিনী ওই জঙ্গিকে কোণঠাসা করে ফেললেও কোনোক্রমে পালিয়ে বাঁচে সে। কিন্তু বৃহস্পতিবার আর পালিয়ে থাকতে পারেনি এই জঙ্গি।

শ্রীনগরের মালবাগ এলাকায় গত রাতে স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফের সেনারা যৌথভাবে একটি জঙ্গিদমন অভিযান শুরু করে। সেই অভিযানেই মেলে সাফল্য। তবে এই অভিযান চলাকালীন মারা যান এক সিআরপিএফ জওয়ানও।

কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে এই এনকাউন্টারের কথা শুক্রবার সকালে টুইট করে জানানো হয়। ওই টুইটে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের অনন্তনাগে এক জওয়ান এবং ৬ বছরের বালকের হত্যাকারী জঙ্গি জাহিদ দাসকে শ্রীনগরে এক এনকাউন্টারে খতম করা সম্ভব হয়েছে। এটা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক বড় সাফল্য।

সূত্র: এনডিটিভি।