যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার আটলান্টার একটি আদালতে ট্রাম্পের পক্ষে তার প্রচারণা শিবির এ মামলাটি করে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পথ খুলে গেছে বলে মতপ্রকাশ করে সিএনএন। এরপর সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিয়েছে ট্রাম্প শিবির। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সিএনএন।
গত ১০ দিনে শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের এটি তৃতীয় মামলা।
এর আগে নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মামলা করে ট্রাম্প শিবির। ২০১৯ সালে প্রকাশিত বিভিন্ন সম্পাদকীয় ইস্যুতে এ তিনটি মামলা করা হয়েছে। সবগুলো লেখাতেই রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের নীতি বহির্ভূত সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছিল।

