করোনাভাইরাসের কারণে বাতিল হতে পারে ভারতের অস্ট্রেলিয়া সফর। আর এমনটি হলে ১০০ মিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মঙ্গলবার এ কথা বলেন সিএ প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি জানান, ভারতের বিপক্ষে নির্ধারিত চার টেস্টের সিরিজটি পাঁচ ম্যাচ করার বিবেচনা করছিল অস্ট্রেলিয়া। আগামী নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট রয়েছে তাদের। এর পরিবর্তে টিম ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচ বেশি খেলার চিন্তা-ভাবনা করছিল তারা।
রবার্টস জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার ১২ দশমিক ৬ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ভারত সফর বাতিল হলে এর পরিমাণ আরও বাড়বে।
আসছে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। করোনার কারণে বৈশ্বিক টুর্নামেন্টটিও এখন হুমকির মুখে।
তবে বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর পরই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের।
ভারত বিশ্বের এক নম্বর টেস্ট দল। তাদের ম্যাচে প্রচুর দর্শক সমাগম ঘটে। স্বাগতিক অস্ট্রেলিয়ায় সফর তাদের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। বহুল প্রত্যাশিত সিরিজটি না হলে সফরকারী কোহলিরাও লোকসানের মুখে পড়বেন।
রবার্টস বলেন, ভবিষ্যতে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজ খেলার কথা ছিল, যা ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের সমতুল্য হতে পারে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান/ওয়ান ইন্ডিয়া

