সোমবার সিরিয়া সফরকালে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আংশিক রুশ সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ি, বিবাদপূর্ণ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া।
মঙ্গলবার প্রথম এক দল সেনা নিজ দেশে ফিরে গেছেন বলে জানা গেছে।
গত সোমবার পুতিন বলেন, সিরিয়ায় তাদের সেনাদের দায়িত্বের বেশির ভাগই শেষ হয়েছে। ২০১৫ সাল থেকে সিরিয়ায় সেনা মোতায়েনের পর এটি ছিল রুশ প্রেসিডেন্টের এ ধরনের তৃতীয়তম ঘোষণা। তবে ঠিক কী সংখ্যক সেনা দেশে ফিরিয়ে নেয়া হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি প্রেসিডেন্ট পুতিন।
এ বিষয়ে রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিরিয়ায় নিয়োজিত থাকা এক ব্যাটালিয়ন মিলিটারি পুলিশ রাশিয়ার দুটি সামরিক বিমানে করে মাখাচাকলা বিমানবন্দরে পৌঁছেছে।’
এছাড়াও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুশ সেনারা উড়োজাহাজ থেকে বের হয়ে রাশিয়ার উত্তর ককেশাসের ছোট্ট দেশ দাগেস্তানের রাজধানী মাখাচাকলার বিমানবন্দরের রানওয়েতে মার্চ করছে। এছাড়া রুশ সেনাদের বোমারু বাহিনী টিইউ-২২এমথ্রির ক্রুরাও উত্তর ওসেতিয়াতে ফিরে এসেছে।
আরও পড়ুন;
সিরিয়ার বিদ্রোহী অধিকৃত এলাকায় বিমান হামলা, নিহত ২৭
সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নিহত ৫৩
সিরিয়ায় আলবু কামালের অর্ধেক পুনর্দখল করেছে আইএস
