সিরিয়ায় আইএস’র দখলমুক্ত হল রাক্কা




মঙ্গলবার রাক্কার স্টেডিয়ামে পতাকা উড়িয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত মিলিশিয়ারা।
গত চারমাসের অভিযানের পর লড়াই শেষের ঘোষণা দিয়েছেন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর মুখপাত্র তালাল সেল্লো।
শহরের আনাচে-কানাচে আর কোনও জিহাদি সেল রয়ে গেছে কিনা তা এখন খুঁজে দেখা হচ্ছে এবং ভূমিমাইন অপসারণের কাজ চলছে বলে জানিয়েছেন এসডিএফ এর মুখপাত্র।
তবে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আইএস শহরটি থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে।
গত জুনে মার্কিন বাহিনীর সহযোগিতায় রাক্কা থেকে আইএস উচ্ছেদ অভিযান শুরু করে সিরিয় সেনা। যে কোনও মুহূর্তে বাহিনী রাক্কা শহরের দখল নিতে পারে গত কয়েকদিন ধরেই খবর আসছিল। শেষ গুলিযুদ্ধের পর সেই অপেক্ষা শেষ হয়। রাক্কা শহরের দখল নেন সিরিয় যোদ্ধারা।
তিন বছর আগে রাক্কা শহরটিকে ইসলামিক স্টেট তাদের ঘোশিত ‘খেলাফতের’ রাজধানী হিসেবে ঘোষণা করে। এর পতন তাদের একটি বড় এবং প্রতীকী পরাজয় বলে দেখা হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।
রাক্কা দখলের পর শহরের রাস্তায় আকাশে গুলি ছুড়ে ও পতাকা তুলে উত্সবে মাতেন যোদ্ধারা।