সু চির বাড়িতে ‘পেট্রল বোমা’




মিয়ানমারের নেত্রী অং সান সু চির বাসভবনে একটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ বোমা হামলায় সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ সময় সু চি বাড়িটিতে ছিলেন না। সামরিক জান্তার আমলে এই বাড়িটিতেই সু চিকে দীর্ঘদিনধরে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
আজ বৃহস্পতিবার মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতাই আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন। তবে কী কারণে সু চির বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বৃহস্পতিবার হামলার সময় তিনি রাজধানী নাইপিদোতে ছিলেন বলে জানা গেছে। তার দল এনএলডি-র ক্ষমতায় আসার বর্ষপূর্তি উপলক্ষে পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা আছে তার।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর চালানো সামরিক বাহিনীর দমন-পীড়নের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত অভিযোগের মুখে পড়েছেন সু চি। তার বাড়িতে চালানো এ বোমা হামলাকে অনেকটা প্রতীকি হামলা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা।
আরও পড়ুন;