সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতি; কোনো বেআইনি নির্দেশ দেবে না ইসি



প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশ দেওয়া হবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “নির্বাচন পরিচালনায় আমরা আপনাদের নির্দেশনা দেব, তবে কোনো বেআইনি নির্দেশ দেওয়া হবে না। কোনো পক্ষকে সুবিধা দেওয়ার জন্য নির্দেশ জারি করব না। আমাদের সকল নির্দেশনা হবে সম্পূর্ণ আইন ও বিধিমালার আলোকে। আমরা নিশ্চিত করতে চাই, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। এটি নির্বাচনের সঙ্গে জড়িত সকলের জন্য প্রযোজ্য।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে এবং বক্তৃতায় বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তাই তিনি বারবার বলছেন, বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের এই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে, আমরা এটি করতে পারি। আপনাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ একটি সফল নির্বাচন করতে পারব।”

নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে সিইসি বলেন, “গত বছর ২ মার্চ, পহেলা রমজানে আমি আপনাদের শপথ করিয়েছিলাম। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিরপেক্ষভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং আইন মেনে কাজ করবেন।”