সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একমাত্র করোনা আক্রান্ত রোগী তাজুল ইসলাম। শনিবার (২ মে) দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কারও শরীরে করোনা সংক্রমনের পর পরবর্তীতে দুইবার করোনা টেস্টের ফল নেগেটিভ আসলে সে পুরোপুরি সুস্থ। তাজুলের ক্ষেত্রেও দুইবার টেস্ট করে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাজুল এখন সম্পুর্ণ সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
স্বাস্থ্য বিভাগ জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নরসিংদী ফেরত তাজুল গত ১৪ এপ্রিল করোনা পজেটিভ হওয়ার পর ওই দিন রাতেই তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। এরপর তার পরিবারের নয়জন সদস্যের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তাদের নমুনার ফল নেগেটিভ আসে।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাজুল জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। সকলের কাছে দোয়া চান তাজুল।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

