সূচক কমেছে দেশের শেয়ারবাজারে



দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আবারো সূচক কমেছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল পয়েন্ট খুইয়েছে দুই স্টক এক্সচেঞ্জের সবক’টি মূল্যসূচক। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কেনাবেচা আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিকে দিন শেষে কোনো খাতের বাজার মূলধন আগের কার্যদিবসের তুলনায় বাড়েনি।
বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনপূর্ব বছর, অর্থবাজারের তারল্য পরিস্থিতি ইত্যাদি বাস্তবতার বাইরেও বিনিয়োগকারীরা এখন আসন্ন বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনার অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়েই ক্রয়াদেশ বিশেষ বাড়ছে না।
তবে সাম্প্রতিক দরপতনের পর কম দামে মৌলভিত্তিসম্পন্ন অনেক কোম্পানির শেয়ার কেনার চেষ্টা করছেন বিভিন্ন স্তরের বিনিয়োগকারীরা। এ কারণেই এসব শেয়ারের দর কমতে শুরু করার কয়েক দিনের মাথায় আবারো তা বাড়তে দেখা যাচ্ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সোমবার কেনাবেচা শুরুর প্রথম আধ ঘণ্টা সূচক উঠতে থাকলেও বিক্রেতার প্রাধান্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক নামতে থাকে। দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩৯ দশমিক ৪ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৪১৭ দশমিক ৪২ পয়েন্টে। ১১ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে ২ হাজার ১১ দশমিক ৪ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১১ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ কমে ১ হাজার ২৫৭ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৫৩৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৩১ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৪৫ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২২৪টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫৪ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১০ হাজার ১৩২ দশমিক ৪২ পয়েন্টে নেমে যায়। আর ৮৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৫ হাজার ২১১ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২২ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ২২৪ টাকার সিকিউরিটিজ, যা আগের কার্যদিবসে ছিল ২০ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৩৪৮ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর।