সূচকে ঊর্ধ্বমুখিতা অব্যাহত



দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকে ঊর্ধ্বমুখিতা অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক নিম্নমুখী। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১১ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮১৩ দশমিক ৮ পয়েন্টে। এদিকে ৫ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ১৭১ দশমিক ৮২ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ১ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৩ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ৯১ লাখ ৯ হাজার ১১১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৪৭ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৮৫ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত ছিল ৫১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৩৬ দশমিক ১ পয়েন্টে উন্নীত হয়। তবে ২৫ দশমিক ৮১ পয়েন্ট কমে ১৬ হাজার ৩০৮ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৩৭ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৮০৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৯৮ কোটি ২১ লাখ ৬০ হাজার ৪৭০ টাকা।