সূর্যের আলোতে ধ্বংস হবে করোনা, বলছে মার্কিন গবেষক



প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সরাসরি সূর্যের আলো ও আর্দ্রতায় ধ্বংস হয়ে যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। যদিও এই গবেষণাটি এখনো বাহ্যিক মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান সাংবাদিকদের বলেছেন, ‘সরকারি গবেষকরা দেখেছেন যে অতিবেগুনি রশ্মির রোগজীবাণুতে প্রচুর প্রভাব পড়েছে। তারা আশা করছেন গ্রীষ্মে করোনা মহামারি বিস্তার আরও কমে যেতে পারে। কারণ, সরাসরি সূর্যের আলোর উপস্থিতিতে ভাইরাস দ্রুত মারা যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে আকর্ষণীয় পর্যবেক্ষণ হলো, সোলার লাইট ভাইরাসটি হত্যার ক্ষেত্রে শক্তিশালী প্রভাব ফেলে এবং বাতাসেও এর কার্যকারিতা দেখা যায়। আমরা তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ের ক্ষেত্রেও একইরকম প্রভাব দেখতে পেয়েছি। যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি সেখানে ভাইরাস টিকে থাকতে পারে না।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনে উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস (কোভিড-১৯)। এরপর ক্রমান্বয়ে ২১০টিরও বেশি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এই মহামারি। দিন দিন বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।