শরণার্থী শিবির থেকে ঢাকায় নিয়ে আসা ১৮জন রোহিঙ্গা মুসলিমের সঙ্গে সাক্ষাতের পর পোপ ফ্রান্সিস বলেছেন, ”আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও।”
এর মধ্য দিয়ে পোপ ফ্রান্সিস তাঁর এশিয়া সফরে বাংলাদেশে আসার পর এই প্রথমবারের মত ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন ।
সীমান্ত এলাকার একটি শিবির থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়। এরা মোট তিনটি পরিবারের সদস্য বলে জানা গেছে।
এর আগে পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরের সময় রোহিঙ্গা শব্দটি একবারের জন্যেও উচ্চারণ করেন নি। একারণে বিভিন্ন মানবাধিকার সংগঠন তার তীব্র নিন্দা করেছে। বাংলাদেশে আসার পরেও অনেকের কৌতুহল ছিলো যে তিনি রোহিঙ্গা শব্দটি বলেন কিনা। কিন্তু এশিয়া সফর শুরু করার আগে পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছিলেন।
মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের আলাদা জাতিগোষ্ঠি হিসাবে স্বীকার করে না। তাদের কাছে রোহিঙ্গারা ‘অবৈধ বাঙালি’। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে তারা রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে।
তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন।
সফরের শেষ দিন আগামীকাল শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার তেরেসা হাউস পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁওয়ে হলি রোজারিও চার্চে খ্রিষ্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরের পর ঢাকায় নটর ডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
রোববার বিকেলে পোপের ঢাকা ছাড়ার কথা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ক্যাথলিক ধর্মগুরুকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আরও পড়ুন; মিয়ানমারে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ালেন পোপ
মিয়ানমারের পথে পোপ ফ্রান্সিস
পোপের বাংলাদেশ সফর; সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ
শান্তিতে নোবেল পেতে পারেন যারা
