সোয়াইন ফ্লু'তে আক্রান্ত আমির খান




সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছে মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবং তাঁর স্ত্রী কিরণ রাও। গত কয়েক দিন ধরেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছেন খান-দম্পতি।
মুম্বইয়ে বেশ কয়েক দিন ধরেই বহু মানুষ ডেঙ্গু ও সোয়াইন ফ্লুয়ের কবলে পড়ছেন। বাদ গেলেন না আমির-কিরণও। আগামী সাত দিন তাঁরা বাড়ি থেকে না বেরনোরই পরিকল্পনাই করেছেন তারা।
অসুস্থতা যে ভাল রকমেরই, তা বোঝা গেল রবিবার ‘সত্যমেব জয়তে ওয়াটার কাপ ২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমির দম্পতি না আসায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। পাশেই বসেছিলেন স্ত্রী কিরণ।
আমির-কিরণের সংস্থা ‘পানি ফাউন্ডেশন’ই এই সত্যমেব জয়তের অনুষ্ঠানের আয়োজক। ভিডিওতে আমির জানান, ইনফেকশন যাতে ছড়িয়ে না পড়ে সে জন্যই ওই অনুষ্ঠানে যাননি তাঁরা। সে কারণে মন ভাল নেই আমিরের। তবে তাঁর হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীর্ঘ দিনের বন্ধু শাহরুখ খান।
শাহরুখ ছাড়াও গতকালের অনুষ্ঠানে এসেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিশ, নিতা আম্বানি, সিদ্ধার্থ রায় কাপুর, আশুতোষ গোয়াড়িকর, রাকেশ ওমপ্রকাশ মেহরাসহ অনেকে।
আমির এখন কাজ করছেন বিজয় কৃষ্ণ আচার্যের ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে। এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। ছবির প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। আর আগামী অক্টোবরে মুক্তি পাবে আমির অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’। ছবিটি প্রযোজনা করেছেন কিরণ রাও।