সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানে বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২০ জন যুবরাজকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে মিডলইস্ট আই এমনই প্রতিবেদন প্রকাশ করে। এর আগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিন যুবরাজকে আটক করার খবর পাওয়া গিয়েছিল।
তবে, গতকাল রাতে অন্তত এই ২০ জনকে আটকের কথা জানায় মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ২০ জন যুবরাজকে আটক করার তথ্য তাদের কাছে থাকলেও এখন পর্যন্ত তারা চারজনের নাম জানতে পেরেছে। প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, প্রিন্স আহমেদের ছেলে প্রিন্স নায়েফ বিন আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও তার সৎ ভাই নাওয়াফ বিন নায়েফ।
এদের মধ্যে প্রিন্স নায়েফ বিন আহমেদ সৌদি আরবের স্থল বাহিনী গোয়েন্দা ও নিরাপত্তা কর্তৃপক্ষের প্রধান। এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদের মধ্যে তিনিই সৌদি আরবের সামরিক বাহিনীর সবচেয়ে বড় পদে রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, রাজপরিবারের সদস্যদের আটকের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সব প্রিন্সদের তার প্রতি আনুগত্য প্রকাশ করে টুইট করতে বলেন। ইতোমধ্যে তিনজন প্রিন্স তা করেছেনও।
এদিকে আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ আটক যুবরাজদের বিরুদ্ধে অভ্যুত্থানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ এনেছেন।

