সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ৫শ' শিশু নিহত




ইয়েমেনে ২০১৬ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৫শ’ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিমান হামলায় বিপুল সংখ্যক শিশু নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস বলেন, গেল বছর সৌদি জোটের বিমান হামলায় ৫শ’ ২ শিশু নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৮শ’ ৩৮ শিশু।
তবে জাতিসংঘে সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ২০১৪ সালে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে দেশটির হাউথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ অভিযানে এখন পর্যন্ত ১২ হাজার ইয়েমেনি নিহত হয়েছে।
এছাড়া, আহত হয়েছে বহু মানুষ। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইয়েমেনে অন্তত প্রায় ৫ লাখ মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া, খাদ্য সঙ্কটে দুর্ভিক্ষের মুখে পড়েছেন ১ কোটি ৭০ লাখ সাধারণ মানুষ।