সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নজরান প্রদেশে একটি ঘরে আগুন লেগে ১১ জন শ্রমিক নিহত হয়েছেন, যাদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের এ অগ্নিকাণ্ডে ছয়জন আহত হয়েছেন। তারাও বাংলাদেশ ও ভারতের নাগরিক।
তবে হতাহতদের মধ্যে কতজন বাংলাদেশি সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও লেবার কাউন্সেলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি।
সৌদির সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে, ‘অগ্নিনির্বাপনকর্মীরা এই পুরাতন বাড়িটির আগুন নিয়ন্ত্রণে এনেছে, ধারণা করা হচ্ছে বাতাস চলাচলের জন্য জানালা না থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন মানুষ মারা গেছেন এবং অপর ছয়জন আহত হয়েছেন।’
উল্লেখ্য, হতাহতদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে তথ্য দিয়েছে সৌদির সিভিল ডিফেন্স।
