সৌদির মসজিদগুলোতে হবে না এবারের তারাবিহ


জুম্মার জামায়াতে ১০ জনের বেশি নয়

করোনাভাইরাসের মহামারিতে যখন কাঁপছে গোটা বিশ্ব, তখন আসছে পবিত্র মাস মাহে রমজান। এমন অবস্থায় রমজানের সময় সৌদি আরবের মসজিদগুলোতে তারাবিহ নামাজ হবে না বলে জানিয়েছেন দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ। এ ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত সব মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে বলে জানান তিনি।

আল-রিয়াদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইসলামিক বিষয়কমন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ বলেছেন, ‘দেশের কোভিড-১৯ এর পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে ঘরে বসে তারাবিহ নামাজ আদায় করতে হবে।

তিনি আরও বলেন, মসজিদে তারাবিহ নামাজের চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ঘরে তারাবিহ নামাজ পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার পাশাপাশি বিশ্বব্যাপী সব মানুষের করোনামুক্তির জন্যও দোয়া করার আহ্বান জানান মন্ত্রী।

মহামারি করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশটির মসজিদে মসজিদে সাময়িক নামাজ স্থগিতের নির্দেশ দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদিকর্তৃপক্ষ।