স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান। গতকাল (২২ এপ্রিল) রাতে হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গত ৩ মার্চ মামলাটি দায়েরের পর আদালতের নির্দেশে রোববার (২২ এপ্রিল) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আসিফকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
এ বিষয়ে সোমবার (২৩ এপ্রিল) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বলেন, গত ৩ মার্চ আসিফের স্ত্রী নিম্ন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সে মামলার পরিপ্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে থানায় পাঠান। এর ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করে সোমবার আদালতে হাজির করি। তার স্ত্রীর নাম মিমা শাহ অরণি।
মডেল ও অভিনেতা আসিফকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যায়। বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পেয়েছেন তরুণ এই মডেল। ২০১৫ সালে তার অভিনীত ‘ঘাসফুল’ চলচ্চিত্র মুক্তি পায়।
উল্লেখ্য, ২০১৫ সালে কানাডা প্রবাসী অরণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আসিফ। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরেই অরণি অভিযোগ করছিলেন, আসিফ তাকে স্ত্রীর মর্যাদা দিতেন না এবং নিয়মিত নির্যাতন করতেন।
