স্নাইপার দিয়ে রাহুল গান্ধীকে হত্যাচেষ্টা; দাবি কংগ্রেসের



স্নাইপার দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে কংগ্রেস।

গত বুধবার মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর মুখে অন্তত সাত বার লেজার রশ্মি ফেলা হয়েছিল। ওই লেজার রশ্মি কোনও স্নাইপার থেকে ফেলা হতে পারে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি লিখে এমনই আশঙ্কা প্রকাশ করে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

এসময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা ও রাজীব হত্যার প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেসের বক্তব্য, রাহুলের প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। দাবি জানানো হয়েছে নিরাপত্তা বাড়ানোর।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয় অবশ্য রাহুলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, বুধবারের ওই ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখেছেন এসপিজির অধিকর্তা। প্রাথমিক তদন্তের পর তিনি জানিয়েছেন, সবুজ রঙের ওই লেজার রশ্মি মোবাইলে ছবি তোলার সময় হতে পারে। ওই ফোটোগ্রাফারও কংগ্রেসেরই। প্রাথমিক তদন্তে রাহুলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনও বিষয় নজরে আসেনি।

ভিভিআইপি রাহুল জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। এ ছাড়া স্থানীয় পুলিশ প্রশাসনও বিষয়টি তদারকি করে। দু’পক্ষের সমন্বয়ের মাধ্যমেই গোটা এলাকার উপর কড়া নজরদারির কাজ চলে।