স্বর্ণের দামে তেজিভাব



স্বর্ণের দামে তেজিভাব বজায় রয়েছে। গতকাল মূল্যবান ধাতুটির দাম আগের দিনের তুলনায় বেড়ে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
মূলত ডলারের বিনিময় মূল্য আগের তুলনায় দুর্বল হওয়ার কারণে স্বর্ণের বাজারে তেজিভাব দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
গতকাল দিনের শেষে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয় ১ হাজার ৩৩২ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয়েছিল ১ হাজার ৩৩৩ ডলার ৭৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি। ৬ ফেব্রুয়ারির পর স্পট মার্কেটে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম।
এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয় ১ হাজার ৩৩৫ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি।