অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল সেমিফাইনাল। মিরাজ-শান্ত-সাইফুদ্দিনদের সেই সেরা সাফল্যকে ছুঁয়ে আরো একবার সেমিফাইনালে বাংলাদেশের যুবারা।
রকিবুল হাসান, শাহাদাৎ হোসেন, তানজিদ হাসান তামিমদের দাপটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্পিন বিষে ১৫৭ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। মূলত বাঁহাতি রকিবুল হাসানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার উনিশ না পেরোনো যুবারা। পাঁচটি উইকেট তুলে নিয়ে একাই ধসিয়ে দিয়েছে আফ্রিকার ব্যাটিং স্তম্ভ। ৯.৩ ওভারে মাত্র ১৯ রান নিয়ে এই পাঁচটি উইকেট তুলে নেন।
এছাড়া শামীম হোসেন, হাসান মুরাদদের ঘূর্ণিও যেন এক দুর্বোধ্য প্রশ্ন ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কোনো উইকেট না পেলেও ৯ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে রানের লাগাম টেনে ধরেছিলেন মুরাদ। অন্যদিকে ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান দেন শামীম। এছাড়াও তানজিম সাকিব দুটি ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে লুক বেউফোর্ট ৬০ এবং জোনাথন বার্ড ৩৫ রান করেন। এছাড়া কেউই উল্লেখযোগ্য রান স্কোরবোর্ডে জমা করতে পারেননি।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তানজিদ হাসান তামিমের ৮০, শাহাদাৎ হোসেনের ৭৪ ও তৌহিদ হৃদয়ের ৫১ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬১ রান জড়ো করে বাংলাদেশ।
জবাব দিতে নেমে বাংলাদেশের যুবাদের ঘূর্ণিতে ৪২.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশের যুবারা। প্রথম সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে আগামীকাল। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল ৪ ফেব্রুয়ারি লড়বে ভারতের বিপক্ষে।

