করোনা সংক্রমণের কারণে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হয়েছে। এছাড়া স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আজ (শনিবার) বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘বৈঠকে বিশ্বব্যাপী করোনাভাইরাস-এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের বড় ধরনের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, বঙ্গভবনে বিশিষ্টজনদের অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।
জয়নাল আবেদীন আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতি ও এই মহামারি মোকাবিলায় দেশের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারা দু’জনেই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাতের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
এর আগে, শনিবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় মুজিববর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। সংবিধানের ৫২ (১) অনুচ্ছদ বলে রাষ্ট্রপতি এই অধিবেশন স্থগিত করেছেন।
অধিবেশন স্থগিতের বিষয়টি শনিবার (২১ মার্চ) সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই উপলক্ষে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়।

