দেশে করোনা সংক্রমণের কারণে বাড়ির মালিক ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন যেসব বাড়ির মালিক তাদের অর্থের উৎস খতিয়ে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতির এই সংকটময় সময়ে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনকে তুচ্ছ করে আক্রান্তদের সেবা দিছেন তাদের সাথে খারাপ আচরণ নিয়মের পরিপন্থি।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘‘দেশে বিদ্যমান ‘সংক্রামক রোগ আইন, ২০১৮’ অনুসারে এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অরপরাধ। কেউ যদি এই আইনের লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’’
তিনি আরও বলেন, ‘এরপরও যদি কোনও বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনও ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে।

