স্বাস্থ্যের পর এবার তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ


Murad Hasan

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ার পাশাপাশি রুলস অব বিজনেস অনুযায়ী বেশ কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার দায়িত্ব পুনর্বণ্টন করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে জানানো হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী জুনাইদ আলম পলক।

এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের দায়িত্বও কমিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন শুধু স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার দায়িত্বে পরিবর্তন আনলো বর্তমান সরকার।