বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করা করোনাভাইরাস এখন এক আতঙ্কের নাম। দিনে দিনে বাড়ছে এর আক্রান্তের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
কঠিন সময় এক অসম লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আর তাদের প্রতি সম্মান জানিয়ে ন্যাড়া হলেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।
মঙ্গলবার (৩১ মার্চ) ইনস্টাগ্রামে একটি টাইম ল্যাপ্স ভিডিও শেয়ার করেন ওয়ার্নার। যেখানে দেখা যাচ্ছে ঘরে বসেই ট্রিমার চালিয়ে মাথা ন্যাড়া হলেন তিনি।
সেই সাথে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ওয়ার্নার। একইসঙ্গে ওয়ার্নারের চ্যালেঞ্জ পৌঁছে গেল সতীর্থ স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পাদের কাছেও।
ক্যাপশন হিসেবে অজি ব্যাটসম্যান লেখেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের কথা ভেবে মাথার চুল কামিয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলাম।’
প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখ নোভেল করোনাভাইরাসকে ‘বিশ্ব মহামারী’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত মারণ ভাইরাস অস্ট্রেলিয়ায় প্রাণ কেড়েছে ১৯ জন মানুষের। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন তেমনটাই জানাচ্ছে।

