স্যাটেলাইটে ইন্টারনেট সেবা দেবে আমাজন



মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইন্টারনেট সেবা দিবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকম। অ্যামাজন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এটা তাদের একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। এর মাধ্যমে ইন্টারনেট সুবিধাবঞ্চিত কোটি কোটি মানুষ সহজেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যবহারের সুযোগ পাবে।

এএফপির এক খবরে বলা হয়েছে,  বিশ্বের অনেক এলাকা এখনো দ্রুতগতির ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। সেসব অঞ্চলকে ব্রডব্যান্ড সেবার আওতায় আনার এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এই কারণে মার্কিন প্রতিষ্ঠানটি ‘প্রজেক্ট কুইপার’ নামের একটি প্রকল্পের আওতায় প্রায় তিন হাজারের বেশি স্যাটেলাইট চালুর লক্ষ্যে কাজ করছে।

এই প্রকল্পটি সম্পন্ন করতে ব্যয় প্রায় কয়েক বিলিয়ন ডলার ছাড়াবে বলে উল্লেখ করেছে গিকওয়্যার নামের একটি ওয়েবসাইট।

এছাড়াও এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রজেক্ট কুইপার অ্যামাজনের একটি নতুন উদ্যোগ। এর আওতায় একগুচ্ছ ‘লো আর্থ অরবিট স্যাটেলাইট’ চালু করা হবে। এসব স্যাটেলাইট নিম্ন ল্যাটেন্সিতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে পারবে। বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত কমিউনিটিকে সংযুক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে জানা যায়।

অ্যামাজনের পক্ষ থেকে এক নথিতে বলা হয়েছে, ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট লো অরবিটে স্থাপন করবে তারা। এসব স্যাটেলাইটের কার্যক্ষমতা বা ব্যাপ্তি ৩৬৭ মাইল (৫৯০ কিলোমিটার) থেকে ৩৯১ মাইল (৬৩০ কিলোমিটার) পর্যন্ত হবে।

তবে, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার স্যাটেলাইট পরিকল্পনা অ্যামাজনেরই প্রথম নয়। এর আগে  ফেসবুক ‘অ্যাথেনা’ নামে একটি ইন্টারনেট স্যাটেলাইট প্রকল্প নিয়ে কাজ শুরু করেছিল। এবং চলতি বছরের শুরুতেই এ প্রকল্পের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।

এছাড়াও, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে ফেসবুক ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে রয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স ও সফটব্যাংক সমর্থিত ওয়ানওয়েব। এরই মধ্যে কক্ষপথে প্রোটোটাইপ স্যাটেলাইট পাঠিয়েছে স্পেসএক্স। গত বছরের শুরুর দিকে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলোন মাস্ক বলেছিলেন, প্রথমবারের মতো টিনটিন এঅ্যান্ডবি নামের দুটি স্টারলিংক ডেমো স্যাটেলাইট পাঠানো হয়েছে। পৃথিবীতে থাকা স্টেশনের সঙ্গে তাদের যোগাযোগও চলছে।