হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে




ভারত থেকে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। চলতি বছরের অক্টোবরে মসলাপণ্যটির আমদানি বিগত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। মূলত ভারতে পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলোয় অতিবৃষ্টি ও বন্যার জের ধরে উৎপাদন কমেছে।
একই সঙ্গে মৌসুমের শেষ সময়ে এসে পণ্যটির সরবরাহও কমেছে। এ কারণে দেশটির বাজারে পণ্যটির দাম বেড়েছে, কমেছে রফতানি। এ কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
হিলি স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১১ হাজার ৫৪৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে, যা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। বিগত ছয় মাসের মধ্যে মে মাসে ভারত থেকে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়েছিল। এর পরিমাণ ছিল ২৫ হাজার ১৩৭ টন। পরের মাসে হিলি স্থলবন্দর দিয়ে ১৭ হাজার ৮৬৬ টন পেঁয়াজ আমদানি হয়। জুলাইয়ে পণ্যটির আমদানি আগের মাসের তুলনায় বেড়ে ২২ হাজার ৩১৩ টনে দাঁড়ায়।
এরপর থেকে প্রতি মাসেই ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে। আগস্টে পণ্যটির আমদানির পরিমাণ ছিল ১৪ হাজার ৭৭৪ টন। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ১২ হাজার ৬৯৯ টনে। সে হিসাবে অক্টোবরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আগের মাসের তুলনায় ১ হাজার ১৫১ টন কমেছে। আর মে মাসের তুলনায় পণ্যটির আমদানি কমেছে ১৩ হাজার ৫৮৩ টন। ছয় মাসের ব্যবধানে পণ্যটির আমদানি অর্ধেকেরও বেশি পরিমাণে কমেছে। এদিকে চলতি মাসের প্রথম আট কার্যদিবসে হিলি স্থলবন্দর দিয়ে মোট ৫ হাজার ৫৬২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এদিকে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে এ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি ১৫ হাজার ১৮৫ টন কমেছে বলে স্থলবন্দর কার্যালয় জানিয়েছে। ২০১৬ সালের অক্টোবরে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২৬ হাজার ৭৩৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। একই বছরের মে মাসে পণ্যটির আমদানির পরিমাণ ছিল ৩৫ হাজার ৬৪৫ টন। পরের মাসে ২৭ হাজার ২৯৬ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। জুলাইয়ে ভারত থেকে মোট ২৫ হাজার ৭০৫ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। আর আগস্ট ও সেপ্টেম্বরে পণ্যটির আমদানির পরিমাণ ছিল যথাক্রমে ৩৫ হাজার ৫০৯ ও ২৭ হাজার ৭৩১ টন। সে হিসাবে চলতি বছরের মে-অক্টোবর সময়কালে প্রতি মাসেই পেঁয়াজ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় বিপুল পরিমাণে কমেছে।