‘দিন: দ্য ডে’র শুটিংয়ে করতে হেলিকপ্টারে চড়ে রূপগঞ্জে হাজির হলেন অনন্ত জলিল। দৃশ্য মারপিটের,শুটিং স্পটে তৈরি ছিলেন সহশিল্পীরা। অনন্ত হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে শুরু হয় গোলাগুলি। তারপর হেলিকপ্টার থেকে লাফ দিলেন নায়ক অনন্ত জলিল।
বাংলা সিনেমায় অনন্ত অন্যরকম একটি নাম। কিছু ভিন্নতা আর নিত্যনতুন কারসাজি ছড়িয়ে থাকে তার সিনেমায়। যেমন ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় তো হার্ট বের করার দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। সিনেমাপাগলদের কাছে তাই অনন্ত জলিল মানেই অন্যরকম কিছু। তাছাড়া ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’।
সাধারণত, চলচ্চিত্রে মারপিটের দৃশ্যে অভিনয় করেন স্টান্টম্যানরা। দেশের খুব কম নায়কই আছেন, ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেরাই অভিনয় করেন। চিত্রনায়ক অনন্ত বরাবরই ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অভিনয় করেন। আজও ব্যতিক্রম হয়নি।
এবিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে স্টান্টম্যান ব্যবহার করা পছন্দ না। আমি মনে করি, শুটিংয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজে যখন অভিনয় করব, তখন দৃশ্যের সঙ্গে একাত্ম হতে পারব। তাই আমি নিজেই এই ধরনের দৃশ্যে অভিনয় করি। এই ছবিরই একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তো আহতও হয়েছিলাম।’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই ছবির বাংলাদেশ অংশের প্রযোজকও অনন্ত জলিল। ছবিতে অনন্ত জলিলের নায়িকা বর্ষা।
এই ছবির গল্প প্রসঙ্গে অনন্ত বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে সিনেমাতে। এর আগে ইরান ও আফগানিস্তানের সীমান্তে টানা ১৪ দিন শুটিং করেছেন।
সাত দিন ধরে বাংলাদেশে চলছে দ্বিতীয় লটের শুটিং, একটানা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাসে তুরস্কে দুই সপ্তাহের মতো শুটিং হবে এই সিনেমার।

