গত বছর স্মার্টফোন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবারের কাছ থেকে পাঁচ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরি করে হ্যাকাররা। তারপর উবার এ বিশাল তথ্য চুরির বিষয়টি গোপন রাখার বিনিময়ে হ্যাকারদের এক লাখ ডলার দিয়েছিল।
মঙ্গলবার (২১ নভেম্বর) উবারের পক্ষ থেকে এ তথ্য চুরির ঘটনা স্বীকার করে নেওয়া হয়। তারা জানায়, হ্যাকারদের হাতে তথ্য পড়ার পর তা মুছে ফেলার জন্য তাদেরকে অর্থ দিতে হয়েছিল।
সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে উবারের এ তথ্য চুরির বিষয়টি সর্বপ্রথম প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক এ তথ্য চুরির বিষয়টি জানতেন।
চুরি যাওয়া তথ্যের মধ্যে ছিল পাঁচ কোটি ৭০ লাখ গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর। যাদের মধ্যে ছয় লাখ চালকের নাম ও লাইসেন্সের তথ্যও ছিল।
উবার ক্ষতিগ্রস্তদের জন্য তাদের ওয়েবসাইটে একটি পেইজ খোলার পাশাপাশি চালকদের জন্যও সহায়তার ব্যবস্থা করছে। এদিকে তথ্য চুরির এ ঘটনা প্রকাশিত হওয়ার পর উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান পদত্যাগ করেছেন।
