একটি সেলফি শুধু চেহরার পরিচয়ই বহন করে না, সংকল্প ও শিল্পেরও বহিঃপ্রকাশ ঘটায়। তেমনিভাবে উপরোক্ত ছবিটি আপাতদৃষ্টিতে সাতটি মুখের হলেও ফ্রেমটি মূলত ‘টিম এমিক্রিটাস’এর। আর ছাত্র উদ্যোক্তা দল টিম এমিক্রিটাসের সংকল্প টেকনোলজিকে ঘিরে। বুয়েটসহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠনটির সাফল্যও তুচ্ছ নয়। টিম এমিক্রিটাস নিজেদের আবিষ্কারের গুণে স্টার্টআপ চ্যালেঞ্জ ২০১৭’র সেরা ১০০ দলে জায়গা করে নিয়েছে।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তাদের নিয়ে তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হয় স্টার্টআপ চ্যালেঞ্জ। যেখানে হাজারো উদ্যোক্তা দলের মাঝ থেকে বাছাই করে ফাইনালিস্ট ১০০ দলকে সুযোগ দেয়া হয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে সরাসরি কথা বলার এবং নিজেদের পণ্য বা আবিষ্কার এর বর্তমান ও ভবিষ্যৎ ব্যাবসায়িক সম্ভাবনা তুলে ধরার। ইউরেশিয়া অঞ্চলের সর্ববৃহৎ স্টার্টআপ কম্পিটিশনে এ বছর ৩০০০ এরও বেশি দল থেকে বাছাই করা সেরা ১০০ দল স্টার্টআপ চ্যালেঞ্জ ২০১৭’তে অংশগ্রহণ করছে।
আন্তর্জাতিক এই কম্পিটিশন এ সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশী দল এমিক্রিটাস এ বছরের অক্টোবরে তুরস্ক যাচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
সম্ভাবনাময় এ তরুণরা তৈরি করেছে এমন এক এনড্রোয়েড অ্যাপ্লিকেশান যেটা বাসার লাইট, ফ্যান নিয়ন্ত্রণ করার পাশাপাশি বাসার পূর্ণাঙ্গ সিকিউরিটি ব্যাবস্থা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই এনড্রোয়েড অ্যাপ এবং ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে বাসার সমস্ত বৈদ্যুতিক সামগ্রী। গ্যাস অটোমেশন, ডোর অটোমেশনসহ আরও অনেক কিছুই আছে এই ডিভাইসটিতে।
টিম এমিক্রিটাস এর সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এখন বাজারে ছাড়া হয়নি এই আডভান্স ডিভাইস এবং অ্যাপটি। তবে এটা নিয়ে তাদের পরিকল্পনা বিস্তর। আর এই ডিভাইস এর উপর ভিত্তি করেই তারা এবার তুরস্ক যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
তারা জানান, আমাদের ব্যাবসায়িক মূলধন কম হলেও আমরা এগোচ্ছি। সব চাইতে বড় সমস্যা হল আমাদের দেশে গবেষণার জন্য প্রয়োজনীয় রিসোর্স তুলনামূলকভাবে কম, তবে আমরা আশাবাদী এই ডিভাইসটি বাংলাদেশে ব্যাপক প্রভাব ফেলবে।
দেশের প্রথম স্টার্টআপ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ার ব্যাপারে আপনাদের অনুভুতি কি? এমন প্রশ্নের জবাবে টিম এমিক্রিটাস জানায়, আমরা আশাবাদী যে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব, তবে একটু ভয়ও লাগছে কারণ সেখানে ফেসবুক, অ্যামাজন আর গুগল এর কর্মকর্তারাও থাকবেন। তবে আমরা আমাদের দিক থেকে যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি এবং সকলের দোয়া প্রত্যাশা করছি।
