বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ গুণ বেড়েছে। গত ১৫ দিনে মারা গেছে ১ লাখ মানুষ, আর এর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। এরপর এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছে ৯০ দিন।
অথচ গত ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ। অর্থ্যাৎ এপ্রিলে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৬ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। আজ মধ্যরাতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এই সংখ্যা ছিল দুই লাখ ৬৯৮।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, আজ রাত পৌনে ১২টা পর্যন্ত ২৮ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে খুঁজে পাওয়া গেছে ভাইরাসটি। এর মধ্যে ৮ লাখ মানুষ সুস্থ হয়েছেন।
করোনায় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় চীন। ভাইরাসটি ইউরোপে ছড়িয়ে পড়ার পর থেকেই আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকে। ১৯ মার্চ প্রথম দিনে এক হাজার ছাড়ায় মৃত্যু। ওই দিন মারা যায় ১ হাজার ৭৯ জন। এপ্রিলে এসে ভয়াবহ রূপ নেয় করোনা। ২ এপ্রিল প্রথমবারের মতো এক দিনে ৫ হাজার ছাড়ায় মৃত্যু। আর ১০ এপ্রিল ছাড়িয়ে যায় ১০ হাজার।
১১ জানুয়ারি প্রথম মৃত্যুর পর ২ এপ্রিল ৫০ হাজার ছাড়ায় করোনায় মুত্যু। এরপর ১০ এপ্রিল এটি ছাড়িয়ে যায় ১ লাখ। আর ১৭ এপ্রিল এসে দেড় লাখ ও ২৫ এপ্রিল ছাড়িয়ে যায় দুই লাখ।
ভোর সাড়ে ৬টায় প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা, ২ লাখ ৩ হাজার ১৬২ জন, আক্রান্ত ২৯ লাখ ১৯ হাজার ৪৬২ জন।
মহামারি এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ ও আমেরিকার মানুষ। যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১০ লাখ। সেখানে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ হাজার ৯৪৮ জন।
এরপর করোনায় মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে বেশিরভাগ ইউরোপের। ইতালিতে ২৬ হাজার ৩৮৪, স্পেনে ২২ হাজার ৯০২, ফ্রান্সে ২২ হাজার ২৪৫, যুক্তরাজ্যে ২০ হাজার ৩১৯, বেলজিয়ামে ৬ হাজার ৯১৭, জার্মানিতে ৫ হাজার ৮০৫ ও নেদারল্যান্ডসে মারা গেছে ৪ হাজার ৪০৯ জন।
চীন থেকে এ প্রাদুর্ভাব শুরু হলেও দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৪ হাজার ৬৩২। তবে এশিয়ায় ৫ হাজার ৬৫০ মৃত্যু নিয়ে চীনের উপরে রয়েছে ইরান। তুরস্কে মারা গেছে ২ হাজার ৬০০ জনের বেশি মানুষ। এদিকে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইরানের উপরে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার প্রায়।
এদিকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, জাপান ও বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনায় সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে অনুযায়ী বাংলাদেশের ৬০টি জেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশে মোট মারা গেছেন ১৪০ জন, আক্রান্ত ৪ হাজার ৯৯৮।

