আগামী ১৭ মে থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে নির্ধারন করেছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ সোমবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ একথা জানান।
এ বিষয়ে তিনি বলেন, ‘বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ১৭ মে সকাল ছয়টা থেকে বিভিন্ন গন্তব্যের বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। আমরা ৫ বা ৬ তারিখ ঈদের দিন ধরে অগ্রিম টিকিট দিচ্ছি ৩০ মে থেকে।’
ঢাকার গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট ও কলাবাগান এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে এসব টিকেট বিক্রি হবে।
রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল- এ চারটি বিভাগের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকেট বিক্রি হয় রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকা থেকে।
শ্যামলী, হানিফ, সোহাগ, গ্রিনলাইন, এস আর, নাবিল, ঈগল, এনা, দেশ ট্রাভেলস, আগমনী এক্সপ্রেসসহ প্রায় পঁচিশ বড় পরিবহন কোম্পানির বাসের অগ্রিম টিকেট বিক্রি করা হবে বলে জানান রমেশ ঘোষ।
এ বছর রোজা শুরু হয়েছে গত ৭ মে থেকে। আর আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে পালিত হবে শবে কদর।
২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রোজা ২৯টি ধরে ৪-৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারিত আছে। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে।

