দেশের বিশ্ববিদ্যালগুলোর কৃতী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ দিতে ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৭২ জন কৃতী শিক্ষার্থীকে দেওয়া হবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে আজ এ স্বর্ণপদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউজিসি সূত্র জানিয়েছে, এ বছর দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। এর মধ্যে ৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র। প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস, ইউজিসি সদস্য মো. সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রমুখ।

