৩ মাস জেল-জরিমানা ছাড়া দেশ ছাড়তে পারবেন অবৈধ অভিবাসীরা




আগামী ১ অগাস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাস কোনো রকম জেল জরিমানা ছাড়া অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন কিংবা অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন।
দেশটিতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের দেশত্যাগ কিংবা ভিসার বৈধতা নেওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’ কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, আমাদের জন্য এটা একটা ভালো সংবাদ। যাদের দীর্ঘদিন ধরে এদেশে অবস্থানের বৈধতা নেই তারা সুযোগটা নিয়ে ‘নো-এন্ট্রি স্ট্যাম্প’ বা ‘ব্যান’ ছাড়া দেশে চলে যেতে পারবেন। আবার কেউ চাইলে তাদের অবস্থান বৈধ করে নিতে পারবেন।
তবে এদেশে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা খুব বেশি না। তিনি বলেন, যারা অবৈধভাবে এখানে আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে আমিরাত ত্যাগ করলে তা এদেশে আমাদের জন্য ইতিবাচক অবস্থান সৃষ্টি করবে। পরে নতুন করে তারা আবার এদেশে আসার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০১২ সালের মধ্য অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে।